সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ঈদ আনন্দে শামিল অসহায়রা, পুড়ে যাওয়া ৫ পরিবার পেল ঘর তোলার টাকা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ মার্চ ২০২৬ | ১০:১৩ অপরাহ্ন


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে আড়াইশো প্রতিবন্ধী, হতদরিদ্র ও ভিক্ষুকের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে আগুনে বসতঘর পুড়ে যাওয়া পাঁচটি পরিবারকে নতুন করে ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়। সোমবার বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা অপকার উদ্যোগে এবং এস. রহমান ট্রাস্টের সহযোগিতায় এই মানবিক সহায়তার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন। এ সময় তিনি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে একটি গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ব্যক্তি, এনজিও সংস্থাসহ সকল সামাজিক সংগঠনগুলোকে স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসতে হবে।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থা অপকার নির্বাহী পরিচালক মো. আলমগীর। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে যৌথ সঞ্চালনা করেন অপকার দুই কর্মকর্তা প্রতাপ বণিক এবং রাইসা।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার উপস্থিত থেকে এই মহতী উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুল হক এবং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া।

আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত প্রতিবন্ধী, হতদরিদ্র ও ভিক্ষুকদের হাতে ঈদের এই বিশেষ উপহার সামগ্রী তুলে দেন। নগদ অর্থ এবং উপহার সামগ্রী হাতে পেয়ে উপস্থিত সুবিধাভোগীদের চোখেমুখে স্বস্তির ছাপ দেখা যায়।