সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না: পুলিশ সুপার

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১১ মার্চ ২০২৬ | ৭:২০ অপরাহ্ন


চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকায় সদ্য প্রতিষ্ঠিত অস্থায়ী পুলিশ ক্যাম্পগুলো পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

আজ বুধবার তিনি এই এলাকাগুলো পরিদর্শনের পাশাপাশি স্থানীয় জনসাধারণের সাথে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরাসরি মতবিনিময় করেন। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরাতে পুলিশের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে বেশ প্রশংসা কুড়িয়েছে।

পরিদর্শনকালে পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন ওই এলাকায় স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্পগুলো ঘুরে দেখেন এবং সেখানে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সাথে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান পুলিশি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজেদের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, জঙ্গল সলিমপুর এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধমূলক কার্যক্রম আর বরদাশত করা হবে না।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কঠোর কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

পরিদর্শনের একটি বড় অংশ জুড়ে পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সুবিধা-অসুবিধা সম্পর্কে সরাসরি খোঁজখবর নেন। তিনি স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকার জনগণকে আইনসম্মত সকল কার্যক্রমে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। এলাকায় সরকারি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে পুলিশ প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে এবং জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সবসময় তাদের পাশেই থাকবে। এছাড়া কোনো অসাধু মহল বা চক্রান্তকারী গোষ্ঠীর অপপ্রচার ও বিভ্রান্তিকর বক্তব্যে কেউ যেন বিভ্রান্ত না হন, সে বিষয়েও তিনি সবাইকে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানান।

পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন আরও জানান, এই দুই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে। পাশাপাশি স্থানীয় জনগণের সাথে সমন্বয় বৃদ্ধি করে একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে পুলিশ। এলাকার যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

অপরদিকে স্থানীয় সাধারণ জনগণ পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের এই পরিদর্শনকে সাদরে স্বাগত জানান। তারা মতবিনিময়কালে জানান যে, পুলিশ ক্যাম্প স্থাপন ও পুলিশের নিয়মিত টহল কার্যক্রমের ফলে এলাকায় আগের তুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরনের ইতিবাচক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।