সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় ১৬ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১২ মার্চ ২০২৬ | ৪:৪৫ পূর্বাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়া থেকে চকরিয়ায় নিজ বাড়িতে ফেরার পথে অপহৃত হয়েছেন মো. পারভেজ হোসেন নামের ১৭ বছর বয়সী এক কিশোর।

অপহরণের পর ওই কিশোরকে জিম্মি করে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।

পরবর্তীতে পুলিশের টানা ১৬ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত কিশোর অক্ষত অবস্থায় উদ্ধার হয় এবং নুরুল ইসলাম নামের এক অপহরণকারীকে গ্রেপ্তার করা।

গত সোমবার (৯ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজনগর রাস্তার মাথা এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া কিশোর মো. পারভেজ হোসেন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং চেয়ারম্যানপাড়ার মো. মনজুর আলমের ছেলে।

অন্যদিকে গ্রেপ্তার হওয়া অপহরণকারী নুরুল ইসলাম রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা এলাকার মৃত আমির সুলতানের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন গতকাল বুধবার রাত এগারোটায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি মো. মনির হোসেন জানান, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ থেকে গাড়িতে করে নিজ বাড়ি উত্তর হারবাং যাওয়ার পথে সোমবার দিবাগত রাতে আজিজনগর রাস্তার মাথা এলাকা থেকে মো. পারভেজ হোসেন অপহরণের শিকার হন।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা কিশোরকে অজ্ঞাত স্থানে আটকে রেখে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ভিকটিমের পরিবার চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে ওসি মো. মনির হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল প্রযুক্তিগত তথ্য-উপাত্তের সহায়তায় দ্রুত অভিযান শুরু করে।

টানা ১৬ ঘণ্টার এই অভিযানের একপর্যায়ে বুধবার (১১ মার্চ) রাত আটটার দিকে কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটাস্থ গহিন পাহাড়ি এলাকা থেকে ঘটনায় জড়িত চক্রের সদস্য নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পরে নুরুল ইসলামের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহ কাটা এলাকা থেকে অপহৃত ভিকটিম মো. পারভেজ হোসেনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

ওসি মো. মনির হোসেন আরও জানান, কিশোরকে অপহরণের এই ঘটনায় চকরিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং বৃহস্পতিবার ভিকটিম ও গ্রেপ্তারকৃত অপহরণকারীকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে বলে জানান এই কর্মকর্তা।