
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় শ্রমিক বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ওই কারখানায় এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত দুই সাংবাদিক হলেন দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি দেবাশীষ বড়ুয়া রাজু (৫৫) এবং দৈনিক পূর্বকোণ পত্রিকার প্রতিনিধি পূজন সেন (৩৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, এন মোহাম্মদ প্লাস্টিক কারখানায় নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সকাল থেকে বিক্ষোভ করছিলেন শ্রমিকরা।
সেখানে সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত হলে বিক্ষুব্ধ শ্রমিকরা হঠাৎ সাংবাদিক এবং পুলিশের ওপর চড়াও হয়ে তাদের মারধর শুরু করেন।
এরপর সাংবাদিক ও পুলিশ সদস্যদের কারখানার ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়। হামলার একপর্যায়ে সাংবাদিকদের ব্যবহৃত মোবাইল ফোনও ভাঙচুর করে শ্রমিকরা।
এই ঘটনার খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ, শিল্প পুলিশ এবং বোয়ালখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু উত্তেজিত শ্রমিকদের কারণে তারা শুরুতে কারখানার ভেতরে প্রবেশ করতে পারেননি।
দীর্ঘ চেষ্টার পর অবরুদ্ধ হয়ে পড়া সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু ও পূজন সেন এবং কারখানার ভেতরে আটকে পড়া শিল্প পুলিশের এএসআই মিজানকে উদ্ধার করা সম্ভব হয়।
আহত সাংবাদিকদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানার ভেতরে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং মূল ফটক তালাবদ্ধ করে রেখেছেন, যার ফলে পুলিশ মূল ফটকের বাইরে অবস্থান করছে।
আহত সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু এই হামলার বিষয়ে বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। কেন বা কী উদ্দেশ্যে এই হামলা করা হলো, তা তিনি বুঝতে পারছেন না।
তবে এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে তিনি ধারণা করছেন।
এই সার্বিক বিষয়ে এখন পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের বা আন্দোলনরত শ্রমিকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, অবরুদ্ধ হয়ে পড়া আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কারখানার বাইরে সতর্ক অবস্থানে রয়েছে।