
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের অন্তত ছয়জন যাত্রী কমবেশি আহত হয়েছেন, তবে তারা তেমন গুরুতর জখম হননি।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের একতা বাজার (গরু বাজার) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন।
ওসি মো. আরিফুল আমিন জানান, সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম থেকে যাত্রীবাহী বাসটি কক্সবাজারের দিকে যাচ্ছিল।
এসময় বাসটি চকরিয়ার বরইতলীস্থ একতা বাজার (গরু বাজার) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাকের (ডাম্পার) সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর ট্রাকটি রাস্তার পাশের জমিতে খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসের অন্তত ছয়জন যাত্রী কমবেশি আহত হন।
তবে আহত যাত্রীরা তেমন গুরুতর আঘাতপ্রাপ্ত না হওয়ায় তারা ঘটনাস্থল থেকে চলে যান। এ কারণে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান মো. আরিফুল আমিন।
মো. আরিফুল আমিন আরও বলেন, খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে।
দুর্ঘটনার পর সড়কে যাতে কোনো যানজটের সৃষ্টি না হয়, সেজন্য পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেছেন।