সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সীতাকুণ্ডে মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে ‘ফেভিকলের গ্লু’ ছড়িয়ে বিপত্তি

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৩ মার্চ ২০২৬ | ৬:৩৮ অপরাহ্ন


চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেভিকল কোম্পানির আঠা (গ্লু) তৈরির কাঁচামালবাহী একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার বক্তারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এই দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঢাকামুখী মহাসড়কের অর্ধেক অংশজুড়ে কাভার্ড ভ্যানটি উল্টে পড়ে আছে। ওই কাভার্ড ভ্যান থেকে কিছু ড্রাম বের হয়ে সড়কে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে।

ড্রাম থেকে বের হওয়া আঠা তৈরির কাঁচামালে সড়কের একাংশ সাদা হয়ে গেছে এবং কয়েকজন শ্রমিক এসব কাঁচামাল সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

কাভার্ড ভ্যানটির চালক সুজন কুমার নাথ জানান, চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ইস্টার্ন রিফাইনারি এলাকা থেকে ৩৯টি ড্রামভর্তি আঠা তৈরির কাঁচামাল নিয়ে তিনি মুন্সিগঞ্জে যাচ্ছিলেন।

ভোর সাড়ে পাঁচটার দিকে গাড়ি নিয়ে রওনা হওয়ার পর উপজেলার বার আউলিয়া দরগা এলাকা পার হওয়ার সময় তিনি বুঝতে পারেন যে, গাড়ির পেছনের ডালা খুলে গেছে।

এরপর চালক সুজন কুমার নাথ কাভার্ড ভ্যানটির নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কেই উল্টে যায়। এতে তিনি ও তাঁর সহকারী সামান্য আহত হয়েছেন।

চালক সুজন কুমার নাথ আরও জানান, দুর্ঘটনার পর গাড়ির ভেতরে থাকা কয়েকটি ড্রাম খুলে আঠা তৈরির কাঁচামাল সড়কে ছড়িয়ে পড়ে।

পরে হাইওয়ে পুলিশের সহায়তায় ছয়জন শ্রমিক ড্রামগুলো সড়ক থেকে সরিয়ে নেন। এসব কাঁচামাল মূলত ফেভিকল কোম্পানির ছিল।

ঘটনাস্থলে থাকা হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মতিন জানান, কাভার্ড ভ্যানটি উল্টে যাওয়ার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যানজট তৈরি হয়েছিল।

পরে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে যান চলাচল স্বাভাবিক করে। কাঁচামালের ড্রাম সরিয়ে নেওয়ার পর রেকার ভ্যান দিয়ে গাড়িটি থানায় নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন এএসআই আবদুল মতিন।