সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি: সড়ক পরিবহনমন্ত্রী

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৩ মার্চ ২০২৬ | ৭:৩৬ অপরাহ্ন


আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

ঈদ উপলক্ষে ট্রেনযাত্রা শুরুর প্রথম দিনে আজ শুক্রবার ঢাকার প্রধান রেলওয়ে স্টেশন পরিদর্শন করতে এসে এসব কথা বলেন মন্ত্রী শেখ রবিউল আলম।

জ্বালানি তেলের দামও বাড়ানো হবে না জানিয়ে শেখ রবিউল আলম বলেন, জ্বালানি মন্ত্রী তাকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন।

ফলে জ্বালানির কারণে গণপরিবহনের ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই এবং জ্বালানি সংকটে পরিবহন সংকট হওয়ারও কোনো সুযোগ নেই বলে নিশ্চিত করেন শেখ রবিউল আলম।

রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, প্রধানমন্ত্রী রেল যোগাযোগকে যুগোপযোগী ও জনবান্ধব করতে নির্দেশনা দিয়েছেন, যাতে মানুষ স্বল্প সময়ে স্বাচ্ছন্দ্যে দীর্ঘ দূরত্বে যাতায়াত করতে পারে।

সেই লক্ষ্যেই সরকার রেল যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের জন্য কাজ করছে বলে শেখ রবিউল আলম উল্লেখ করেন।

ঈদযাত্রার চ্যালেঞ্জের বিষয়ে শেখ রবিউল আলম বলেন, মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে দেড় কোটি মানুষ ঢাকা ছাড়েন, যা বিশ্বের খুব কম শহরেই দেখা যায়।

এত স্বল্প সময়ে এত মানুষের যাতায়াত বড় একটি চ্যালেঞ্জ হলেও সরকার তা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে বলে শেখ রবিউল আলম জানান।

শেখ রবিউল আলম আরও বলেন, দেশে পরিবহনব্যবস্থার সক্ষমতা বাড়াতে নতুন কোচ, বাস ও নৌযান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার দিকেও সরকার নজর দিচ্ছে।

ট্রেনের শিডিউল নিয়ে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বড় কোনো শিডিউল বিপর্যয় এড়াতে অন্তত ৮৫ থেকে ৮৭টি লোকোমোটিভ প্রয়োজন।

বর্তমানে ৭৮টি লোকোমোটিভ যুক্ত করা গেছে এবং আগামী দুই দিনের মধ্যে আরও কয়েকটি যুক্ত হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে শেখ রবিউল আলম আশা প্রকাশ করেন।

ঈদযাত্রার নিরাপত্তা প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রেলওয়ে পুলিশ ছাড়াও নিয়মিত পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌপুলিশ ও বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে।

পাশাপাশি আনসার সদস্যদেরও দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান শেখ রবিউল আলম। তিনি আরও বলেন, শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ জ্যাকেট পরিহিত স্বেচ্ছাসেবকও নিয়োগ করা হয়েছে এবং প্রায় প্রতি ৪০০ মিটার পরপর তাদের অবস্থান থাকবে।

এ সময় রেলওয়ে স্টেশন পরিদর্শনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তারা।