সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের, র‍্যাঙ্কিংয়েও উন্নতি

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৫ মার্চ ২০২৬ | ১১:৪৪ অপরাহ্ন


তাসকিন আহমেদের শেষ ওভারে সালমান আঘা লম্বা শট খেলতে গিয়ে বলটি আকাশে তুলে দেন এবং গ্যালারিতে তখন গগনবিদারী গর্জন।

ডিপ মিডউইকেটে থাকা নাজমুল হোসেন শান্ত ধীরে ধীরে বলের নিচে গিয়ে শান্তভাবে ক্যাচটি লুফে নিতেই সালমান আঘা সাজঘরের পথ ধরেন। নাজমুল হোসেন শান্তর এই ক্যাচ কেবল বড় একটি উইকেটের পতনই ঘটায়নি, ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে বাংলাদেশের নয় নম্বরে উঠে আসার পথও তৈরি করে দিয়েছে।

বাংলাদেশের কাছ থেকে ওয়ানডে সিরিজটি ছিনিয়ে নেওয়ার পথেই হাঁটছিলেন সালমান আঘা। কোনোভাবেই সালমান আঘার আক্রমণ প্রতিহত করতে পারছিলেন না তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

দায়িত্বশীল ব্যাটিং করে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে পৌঁছে যান সালমান আঘা এবং তার সেঞ্চুরির সুবাদে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ তখন পাকিস্তানের হাতে চলে যায়।

তাসকিন আহমেদ নিজের শেষ ওভার করতে এসে সালমান আঘাকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন বাংলাদেশের হাতে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু সিরিজ জয়ের লড়াইয়ের কারণেই নয়, সামনে ছিল আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতির বড় সুযোগ এবং এই ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজকে টপকে নবম স্থানে উঠে গেল বাংলাদেশ।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আগামী বছর ৩১ মার্চের মধ্যে স্বাগতিক জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা ছাড়া র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের মধ্যে থাকতে হবে।

তাই আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বাড়তি গুরুত্ব বহন করছিল। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত রেটিং পয়েন্ট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলতে পেরেছে বাংলাদেশ।

স্লগ ওভারে কিছুটা কোণঠাসা থাকলেও ব্যাটিং বিভাগে ভালোই করেছে বাংলাদেশ। তিনশ রান হওয়ার কথা থাকলেও বাংলাদেশ স্কোরবোর্ডে তুলতে পেরেছে ২৯০ রান।

এই ম্যাচে তানজিদ হাসান তামিম ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পেয়েছেন, তবে তানজিদ হাসান তামিমের এই সেঞ্চুরি প্রায় ম্লান করে দিচ্ছিলেন সালমান আঘা!

তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের শেষ দিকের বোলিংয়েই মূলত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

তাসকিন আহমেদ চারটি ও মোস্তাফিজুর রহমান নেন তিনটি উইকেট। স্লগ ওভারে এই দুই বোলারের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের ইনিংস থামে ২৭৯ রানে।

শেষ ওভারে রিশাদ হোসেনের বলে শাহিন শাহ আফ্রিদি স্টাম্পিং হলে ১১ বছর পর আরও একটি সিরিজ জয়ের আনন্দে মাতে বাংলাদেশ।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল লাল-সবুজ জার্সিধারীরা।

তবে এবারের সিরিজটি স্পেশাল, কেননা এই সিরিজের সঙ্গে জড়িয়ে আছে আগামী বিশ্বকাপে সরাসরি খেলার বিষয়টি।

৭৭ পয়েন্ট নিয়ে পাকিস্তানের সঙ্গে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দুই ম্যাচ জিতে বাংলাদেশের পয়েন্ট এখন ৭৯ এবং র‍্যাঙ্কিংয়ে এখন বাংলাদেশের অবস্থান নবম। বাংলাদেশের পেছনে ৭৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ।