
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখায় (এসবি) নতুন কর্মকর্তাসহ বাংলাদেশ পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে পুলিশের এসব কর্মকর্তাকে রদবদলের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র্যাব মহাপরিচালক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডির প্রধান হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আশরাফুর রহমানকে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।
অন্যদিকে ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে আগের প্রজ্ঞাপনে খাগড়াছড়ির পুলিশ সুপার করা হলেও তা বাতিল করে আগের স্থানেই বহাল রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি এবং সিএমপির পুলিশ কমিশনার হাসিব আজিজকে এপিবিএনের অতিরিক্ত আইজিপি করা হয়েছে।
পাশাপাশি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীকে সিএমপির পুলিশ কমিশনার এবং এসবির ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
এসবির ডিআইজি জি এম আজিজুর রহমানকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিআইডির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার এবং মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হককে সিআইডির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে সরিয়ে মাদারীপুরের পুলিশ সুপার করা হয়েছে এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেনকে মাগুরার পুলিশ সুপার হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারীকৃত পুলিশের এই রদবদলের আদেশ অবিলম্বে কার্যকর হবে।