
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার এগারো মাইল এলাকায় রেললাইনে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার (১৬ মার্চ) বিকালের দিকে চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার বিকালের দিকে এগারো মাইল এলাকার পশ্চিমে রেললাইনে ওই বৃদ্ধের খণ্ডিত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা নিকটস্থ থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত বৃদ্ধের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম নগরী থেকে ছেড়ে আসা নাজিরহাট অভিমুখী কোনো একটি ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় কাটা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাত ওই বৃদ্ধ প্রাণ হারান।
এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান সোমবার সন্ধ্যার দিকে গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি পুরো ঘটনার বিস্তারিত তদন্ত করছে রেলওয়ে পুলিশ।