সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

খাল দখলে যত শক্তিশালী দখলদার হোক, ছাড় নেই: অর্থমন্ত্রী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৬ মার্চ ২০২৬ | ১০:২৭ অপরাহ্ন


দেশের অর্থনীতির অবস্থা ভালো না থাকলেও সরকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত রাখাকে অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খাল দখলে যত বড়ই শক্তিশালী দখলদার হোক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আজ সোমবার দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ে বামনসুন্দর খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) মিরসরাই উপজেলার এই খালটি পুনঃখননের কাজ বাস্তবায়ন করছে। বামনসুন্দর এলাকার আলিরপোল থেকে বানাতলী পর্যন্ত তিন কিলোমিটার এলাকা পুনঃখনন কাজের উদ্বোধন শেষে মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও বিশ্বব্যাপী এনার্জি ক্রাইসিস চলছে। এর মধ্যেও সরকার কাজ এগিয়ে নিচ্ছে। অর্থের বিষয়টি হিসাব রেখেই সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে।

খাল খননের ফলে প্রান্তিক মানুষের সুফল পাওয়ার বিষয়টি উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে কৃষি, মৎস্য ও মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসবে। পাশাপাশি এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বড় ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধরে দূষণ ও দখলের শিকার এসব খাল পুনরুদ্ধারে সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে এবং এখানে দুর্নীতির কোনো স্থান নেই। খাল খননের মাধ্যমে এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে এবং কৃষকরা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এই সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন, চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়া উদ্দীন এবং চট্টগ্রামের পুলিশ কমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের প্রধান প্রকৌশলী (সেচ) মুহাম্মদ বদিউল আলম সরকার, বিএডিসির প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলাম, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর এবং চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম। মিরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের তথ্য অনুযায়ী, মোট ২৪ কিলোমিটার দীর্ঘ বামনসুন্দর খালের তিন কিলোমিটার খনন করা হচ্ছে। প্রতি কিলোমিটার খননে ১০ লাখ টাকা করে প্রাক্কলন নির্ধারণ করা হয়েছে। এই খননের ফলে ৫৬৪ হেক্টর জমি সেচের আওতায় আসবে। আগে কেবল বৃষ্টির ওপর নির্ভর করে আমন চাষ করা গেলেও, এখন বোরো মৌসুমেও আবাদ করা সম্ভব হবে। এতে কৃষকদের সেচ ও উৎপাদন খরচ কমবে। বিএডিসি সূত্রে আরও জানা গেছে, মিরসরাই উপজেলায় ইতিমধ্যে ৫২ কিলোমিটার খাল খনন কার্যক্রম সম্পন্ন হয়েছে, যার ফলে পাঁচ হাজার হেক্টর জমির জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি তা সেচের আওতায় এসেছে।

স্থানীয়রা জানান, বামনসুন্দর খাল দিয়ে একসময় নৌকা চলাচল করত এবং কৃষিপণ্যসহ বিভিন্ন সামগ্রী বাজারে নেওয়া হতো। কিন্তু দীর্ঘদিন ধরে খালটি দখল হয়ে যাওয়ায় এবং সংস্কার না হওয়ায় তা অকেজো হয়ে পড়েছিল। এখন খননকাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।