সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মিরসরাইয়ে রাতের আঁধারে অবৈধ নির্মাণ, কাজ বন্ধ করল প্রশাসন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৭ মার্চ ২০২৬ | ৫:২৫ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় রাতের আঁধারে অনুমোদন ছাড়াই একটি সুপার মার্কেটের চতুর্থ তলার নির্মাণকাজ চালানোর সময় তা বন্ধ করে দিয়েছে প্রশাসন। সোমবার রাতে বারইয়ারহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আবু উসামা মার্কেটে অভিযান চালিয়ে নির্মাণকাজ বন্ধ করার পাশাপাশি সেখান থেকে বিভিন্ন নির্মাণসামগ্রী জব্দ করা হয় বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, ওই এলাকার আবু উসামা মার্কেটের ভবনটির তৃতীয় তলা পর্যন্ত নির্মাণের অনুমোদন রয়েছে। কিন্তু ভবন মালিক হাজী নুরুল আবছার পৌর কর্তৃপক্ষকে না জানিয়েই বেআইনিভাবে চতুর্থ তলার নির্মাণকাজ শুরু করেন। বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে এলে গত বছরের ৪ ডিসেম্বর ভবন মালিককে চিঠি দেওয়া হয়।

ওই সময় ভবন মালিক হাজী নুরুল আবছার আর নির্মাণকাজ করবেন না বলে পৌর কর্তৃপক্ষকে জানালেও সম্প্রতি তিনি রাতের আঁধারে পুনরায় কাজ শুরু করেন। এরপর বিষয়টি জোরারগঞ্জ থানা-পুলিশকে অবহিত করে পৌর কর্তৃপক্ষ। পরে সোমবার রাতে পুনরায় নির্মাণকাজ শুরু হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাতে বাধা দেয় এবং নির্মাণসামগ্রী জব্দ করে।

অনুমোদনহীন এই নির্মাণের কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, এভাবে তিন তলার অনুমোদন নিয়ে চার তলা নির্মাণ করা হলে ভবিষ্যতে ভূমিকম্পে ভবনটি ধসে পড়ার মারাত্মক ঝুঁকি রয়েছে। ভবনটির নিচে অনেক ব্যবসায়ী রয়েছেন এবং সাধারণ মানুষের নিয়মিত যাতায়াত রয়েছে। ভূমিকম্পে ভবনটি ধসে পড়লে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে বারইয়ারহাট পৌরসভার প্রধান প্রকৌশলী সমর কান্তি মজুমদার বলেন, পৌরসভায় ভবন নির্মাণের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। ভবন মালিক হাজী নুরুল আবছার এর আগেও উসামা সুপার মার্কেটের নিচের দোকান বাড়ানোর চেষ্টা করেছেন এবং এখন তিন তলা ভবনকে চার তলা করার পাঁয়তারা করছেন।

তিনি আরও বলেন, ভবন মালিককে নোটিশ করার পরও তিনি রাতের আঁধারে কাজ শুরু করায় সোমবার রাতে পৌর প্রশাসক সোমাইয়া আক্তারের নির্দেশে জোরারগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং নির্মাণসামগ্রী জব্দ করা হয়েছে।

অভিযানের বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বলেন, ভবন নির্মাণের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভবন নির্মাণকাজে জড়িতরা পালিয়ে যায়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মো. মনির হোসেন।