
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া ৩১ টন লোহার রডবোঝাই একটি লরি উদ্ধার করেছে। এ ঘটনায় চোরাই মালামাল কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে এক বিএনপি নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগর এলাকায় মহাসড়কের পাশে খান সিটি সংলগ্ন নিজাম ভাতঘরের সামনে লরি থেকে চোরাই লোহার রড আনলোড করার সময় এই অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেখ ফরহাদ ও জাহিদুল ইসলাম নামের দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাতটি বান্ডিলে থাকা প্রায় ৩১ টন লোহার রড উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা। একই সঙ্গে ঘটনাস্থল থেকে মালামাল পরিবহনে ব্যবহৃত লরিটি জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া শেখ ফরহাদ বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
অন্যদিকে, পুলিশের এই অভিযানে লরির চালক মো. আবুল হাসেম রয়েলকে জোরারগঞ্জ ইউনিয়নের বিএসআরএম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, পুলিশ অভিযান চালিয়ে ৩১ টন লোহার রড উদ্ধার করার পাশাপাশি এ ঘটনায় জড়িত দুজন এবং লরির চালককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত শেখ ফরহাদ, জাহিদুল ইসলাম ও মো. আবুল হাসেম রয়েলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি কাজী নাজমুল হক।