
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, পটিয়াকে একটি মডেল জনপদে রূপান্তর করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। পটিয়ার মানুষ তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করে যে সম্মান দিয়েছে, কাজের মাধ্যমে তিনি তার প্রতিদান দিতে চান।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৪টায় পটিয়া পৌরসভার খুসবু ডাইনিং রেস্টুরেন্টে পটিয়ায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে অংশ নিয়ে সংসদ সদস্য এনামুল হক এনাম এসব কথা বলেন।
মতবিনিময় সভায় পটিয়ায় কর্মরত সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, বিএনপি নেতা ইসমাইল হোসেন, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্যসচিব মীর জাকের আহমেদ, উপজেলা যুবদলের সদস্যসচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুল আলম পারভেজ, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন।
অনুষ্ঠানে সংসদ সদস্য এনামুল হক এনাম আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এই বিজয় তাঁর জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। ব্যক্তিগতভাবে তাঁর আর কোনো চাওয়া-পাওয়া নেই উল্লেখ করে এনামুল হক এনাম বলেন, পটিয়ার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পারলেই তিনি নিজেকে ধন্য মনে করবেন।
সাংবাদিকদের উদ্দেশে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, পটিয়ার যেকোনো সমস্যা নিরপেক্ষভাবে তুলে ধরতে হবে। এর পাশাপাশি মাটি কাটা, গাছ কাটা, পাহাড় কাটা কিংবা যেকোনো দেশ ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি কড়া হুঁশিয়ারি দেন।