সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় রাস্তা পারাপারের সময় টমটমের ধাক্কায় ব্যবসায়ীর প্রাণহানি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ মার্চ ২০২৬ | ৩:১৭ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির টমটমের (ইজিবাইক) ধাক্কায় মীর মোশাররফ হোসেন (৪৪) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সকাল নয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার জিদ্দাবাজার এলাকায় নিজের দোকানের সামনের রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।

নিহত মোশাররফ হোসেন চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের হামিদুল্লাহ সিকদারপাড়ার মৃত মাহমুদুল হক চৌধুরীর ছেলে এবং কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরীর ভাতিজা। তিনি দীর্ঘদিন ধরে চকরিয়া জিদ্দাবাজার এলাকায় ‘তারিন এন্টারপ্রাইজ’ নামের একটি হার্ডওয়্যারের দোকান পরিচালনা করে আসছিলেন।

নিহতের বড় ভাই শওকত হোসেন জানান, তার ভাই মোশাররফ হোসেন পরিবারের সদস্যদের নিয়ে চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকায় বসবাস করতেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও তিনি বাসা থেকে চকরিয়ার জিদ্দাবাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যান।

সকাল নয়টার দিকে গাড়ি থেকে নেমে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির টমটম এসে তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। এ অবস্থায় আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে চকরিয়ার জমজম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, ঘটনাস্থল থেকে টমটম গাড়িটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।