
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফটিকছড়ির শিক্ষার্থীদের সংগঠন ফটিকছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ফটিকছড়ি উপজেলার নাজিরহাটের চৌধুরী কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য মো. সরওয়ার আলমগীর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. মো. মনজুরুল কিবরীয়া। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের প্রভাষক মোহাম্মদ আরিফ উল্লাহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. সরওয়ার আলমগীরকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এবং মোহাম্মদ আরিফ উল্লাহকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পাওয়ায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। দোয়া ও মোনাজাতের পর ইফতার শেষে প্রধান আলোচক ড. মো. মনজুরুল কিবরীয়া আনুষ্ঠানিকভাবে অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন করেন।
অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি রহমত উল্লাহর স্বাগত বক্তব্য এবং বর্তমান সভাপতি মিনহাজ উদ্দিনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনি এবং যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল আলম মুহিন।
অনুষ্ঠান শেষে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনি তাঁর অনুভূতি ব্যক্ত করে জানান, অত্যন্ত সুচারুরূপে অনুষ্ঠানটি সম্পন্ন করতে পেরে তাঁর খুব ভালো লাগছে। জয়নাল আবেদীন জনি আরও জানান, তাঁদের প্রাণের এই সংগঠন চবি শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও সামাজিক সেবামূলক বিভিন্ন কাজেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।