
চট্টগ্রামের পটিয়া থানা-পুলিশের পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত তিনজনসহ দস্যুতা ও চুরি মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (১৮ মার্চ) তাঁদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত এই পাঁচ আসামি হলেন আব্দুর রাজ্জাক ওরফে সুমন (৩৫), সুধীর দে (৫৫), অমর দে (৪২), বাবুল দে (৪৫) ও মুহাম্মদ ইরফান (২২)।
পুলিশ জানায়, সম্প্রতি পটিয়া থানাধীন গ্রামীণ ব্যাংকের কাশিয়াইশ শাখার ব্রাঞ্চ ম্যানেজারের কাছ থেকে ১ লাখ ২৮ হাজার ১৫৫ টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা হয়। পুলিশি তদন্তে এই ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ১৭ মার্চ বিকেল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক ওরফে সুমনকে বড়লিয়া ইউনিয়নের বেলখাইন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পৃথক আরেক অভিযানে বুধবার ভোররাতে ধলঘাট এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত তিন আসামি সুধীর দে, অমর দে ও বাবুল দেকে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে, একই সময়ে বিচারপতি জেবিএম হাসানের বাড়িতে সংঘটিত চুরির ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মুহাম্মদ ইরফানকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
সার্বিক বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক ওরফে সুমন, সুধীর দে, অমর দে, বাবুল দে ও মুহাম্মদ ইরফানকে সংশ্লিষ্ট মামলায় যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।