সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রামে শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত, স্বস্তিতে ঈদযাত্রা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৮ মার্চ ২০২৬ | ১০:১৮ অপরাহ্ন


আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম জেলার শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ) কার্যকর ভূমিকা পালন করেছে।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাইফের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। কলকারখানা অধিদপ্তরের ডিআইজি মাহবুবুল হাসান এবং শ্রম পরিদর্শকদের নিবিড় মনিটরিং ও সমন্বিত তদারকির ফলে শিল্পাঞ্চলে শ্রম পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চট্টগ্রামে প্রায় ২৫০টি তৈরি পোশাক (আরএমজি) কারখানা, প্রায় ৩ হাজার ১২০টি অন্যান্য শিল্পকারখানা এবং নিবন্ধিত মোট প্রায় ১০ হাজার ৪১৭টি কারখানা ও প্রতিষ্ঠানের অধিকাংশ শ্রমিক ইতিমধ্যে তাঁদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস গ্রহণ করেছেন। এর ফলে লক্ষাধিক শ্রমিক স্বস্তিতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের লক্ষ্যে বাড়ির পথে রওনা হয়েছেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) শাহ আব্দুল তারিকের তত্ত্বাবধানে এবং ডাইফের সমন্বয়ে গঠিত মনিটরিং টিমগুলো নিয়মিত শিল্পাঞ্চল সরেজমিন পরিদর্শন করছে। ঝুঁকিপূর্ণ কারখানায় বিশেষ নজরদারি এবং মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সম্ভাব্য শ্রম অসন্তোষ প্রতিরোধে এই টিমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ছাড়া জেলা প্রশাসন, শিল্প পুলিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত শিল্পাঞ্চলে বড় ধরনের কোনো শ্রম অসন্তোষ, মহাসড়ক অবরোধ বা সহিংস ঘটনার সৃষ্টি হয়নি। বিচ্ছিন্ন কিছু সমস্যা তাৎক্ষণিক হস্তক্ষেপের মাধ্যমে দ্রুত সমাধান করা হয়েছে। সময়মতো বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করতে কারখানা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

সার্বিকভাবে বলা যায়, ডাইফের কার্যকর মনিটরিং এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগে চট্টগ্রামের শিল্পাঞ্চলে এবারের ঈদকে কেন্দ্র করে শ্রম পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে, যা সাধারণ শ্রমিকদের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টি নিশ্চিত করেছে।