
পবিত্র রমজান মাসজুড়ে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নীরবে-নিভৃতে এক অনন্য মানবিক কার্যক্রম পরিচালিত হয়েছে। মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে এবং মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র পৃষ্ঠপোষকতায় উপজেলার হাজারো অসহায় পরিবার, এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী, ইফতার এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজানের শুরুতেই অনেক অসচ্ছল পরিবার যখন নিত্যপ্রয়োজনীয় খাদ্যের সংকটে দিশেহারা, ঠিক তখনই মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র পৃষ্ঠপোষকতায় এক হাজার পরিবারের ঘরে চাল, ডালসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এই সহায়তা পেয়ে পরিবারগুলোর মাঝে স্বস্তি ও ঈদের আগাম আনন্দ নেমে আসে।
খাদ্য বিতরণের পাশাপাশি উপজেলার বিভিন্ন এতিমখানা ও হেফজখানায় টানা ১৫ দিন ধরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এই কর্মসূচির আওতায় মিরসরাইয়ের ৪৩টি মাদ্রাসায় প্রায় চার হাজার এতিম, হাফেজ ও শিক্ষক একসঙ্গে ইফতারে অংশ নেন। আয়োজকদের মতে, প্রতিদিনের এই ইফতার শুধু খাবারের আয়োজন ছিল না, বরং এটি ছিল একাত্মতার এক অনন্য বন্ধন।
মানবিক এই উদ্যোগের ধারাবাহিকতায় উপজেলার প্রায় দেড় হাজার এতিম ও দরিদ্র শিক্ষার্থীর হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়, যাতে তারা নিজেদের প্রয়োজনীয় বই বা অন্যান্য সামগ্রী কিনতে পারে। সবশেষে, প্রায় ৮০০ অসচ্ছল পরিবারের মাঝেও আর্থিক সহায়তা প্রদান করা হয়। মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র পরিবারের সদস্যরা নিজেদের বাড়িতে বসে এই অর্থ সহায়তা সরাসরি দরিদ্র মানুষদের হাতে তুলে দেন।
এমন উদ্যোগ সমাজের মানুষের মাঝে মানবিক চেতনা জাগ্রত করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। এই মানবিক কার্যক্রম প্রসঙ্গে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি জানান, মহান আল্লাহর দেওয়া সামর্থ্য যতদিন থাকবে, ততদিন তিনি সাধারণ মানুষের কল্যাণে এভাবেই পাশে থাকবেন।