সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ড্রোন ও বডিওর্ন ক্যামেরা, মাঠে ১৫০০ পুলিশ

যানজটমুক্ত রাখতে ব্যাপক প্রস্তুতি
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ মার্চ ২০২৬ | ৫:০৩ অপরাহ্ন


পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করলেও এখন পর্যন্ত বড় ধরনের যানজট বা ভোগান্তি ছাড়াই স্বাভাবিক গতিতে চলছে যান চলাচল। ঈদযাত্রার এই স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে প্রযুক্তিনির্ভর নজরদারি ও জোরদার পুলিশি তৎপরতা অব্যাহত রেখেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে সাতকানিয়ায় মহাসড়কের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন শেষে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন এসব কথা জানান। পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, এবারের ঈদযাত্রা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং এই স্বাভাবিকতা ধরে রাখতে জেলা পুলিশের প্রায় এক হাজার ৫০০ সদস্য মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করছেন।

মহাসড়কে যান চলাচল পর্যবেক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে জানিয়ে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন আরও বলেন, লং রেঞ্জ ড্রোনের মাধ্যমে মহাসড়কের বিভিন্ন পয়েন্টের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে নজরদারি করা হচ্ছে। পাশাপাশি গত জাতীয় নির্বাচনকালে ব্যবহৃত বডিওর্ন ক্যামেরাও এবার ঈদযাত্রার নিরাপত্তায় মাঠপর্যায়ে ব্যবহার করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রায় ১৩৬ কিলোমিটার অংশ চট্টগ্রাম জেলার আওতাধীন। এই দীর্ঘ সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন জানান, বিশেষ করে বাজার, গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন ও বাস স্টপেজকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করে সেসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

ঈদযাত্রাকে নিরাপদ রাখতে ও অপরাধ দমনে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। অজ্ঞান পার্টি বা মলম পার্টির মতো চক্রগুলো যাতে যাত্রীদের টার্গেট করতে না পারে, সে জন্য ডিবি পুলিশের সদস্যরা মাঠে সক্রিয় রয়েছেন। এ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতেও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এ বিষয়ে ডিএসবির সাদা পোশাকের সদস্যরা পরিবহন খাত সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

ঈদ সামনে রেখে আগাম প্রস্তুতির অংশ হিসেবে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেছে পুলিশ। ওই বৈঠকে তাঁদের পণ্যবাহী ট্রাক-লরি কম চালানোর অনুরোধের পাশাপাশি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে পুলিশ সুপার জানান, সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।

পরিদর্শনকালে কেরানীহাট এলাকায় মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।