
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানুষের ঘরমুখো ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার নাজির আহমদ খান। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১২টায় চট্টগ্রামের পটিয়া ইন্দ্রপুল বাইপাস এলাকায় যান চলাচলের চিত্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমদ খান পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চট্টগ্রাম দক্ষিণ বিভাগের আওতাধীন বিভিন্ন মহাসড়ক ও থানা এলাকায় পুলিশের নিরাপত্তা ডিউটি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার নাজির আহমদ খান বলেন, মানুষের ঘরমুখো যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া সবার ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে তিনি সকলকে ট্রাফিক আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
এদিন পরিদর্শনকালে পুলিশ সুপার নাজির আহমদ খান পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়া এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান করে ট্রাফিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনের সময় ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শেখ মোহাম্মদ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) রাসেল আহমদ, সহকারী পুলিশ সুপার (পটিয়া) নোমান মোহাম্মদ এবং পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিক ও স্থানীয় জনসাধারণ পুলিশের এ ধরনের তৎপরতা ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।