সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বাড়ছে, এ পর্যন্ত বাতিল ১৫১

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২০ মার্চ ২০২৬ | ৩:২৪ অপরাহ্ন


মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্থবির হয়ে পড়া আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আবারও কিছুটা বাড়তে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) বন্দরনগরীর এই বিমানবন্দর দিয়ে মোট নয়টি আন্তর্জাতিক ফ্লাইট সচল ছিল। তবে এর পাশাপাশি বাতিল হয়েছে আরও ছয়টি ফ্লাইট। সব মিলিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরে মোট ১৫১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সার্বিক পরিস্থিতির বিষয়ে চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিস্তারিত তথ্য জানিয়েছেন। প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইট চলাচল গত কয়েক দিনের তুলনায় বর্তমানে কিছুটা বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, গতকাল বৃহস্পতিবার বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী তিনটি অ্যারাইভাল (আগমনী) ও একটি ডিপার্চার (বহির্গমন) ফ্লাইট। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়।

এদিকে, বাতিল হওয়া ফ্লাইটের পাশাপাশি বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রীবাহী মধ্যপ্রাচ্য থেকে আসা পাঁচটি অ্যারাইভাল ফ্লাইট এবং চারটি ডিপার্চার ফ্লাইট বৃহস্পতিবার পুরোপুরি সচল ছিল। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য সংকটের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ১৫১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ার তথ্য নথিবদ্ধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।