
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করছেন। দরবার শরীফের মুরিদরা এক দিন আগে থেকেই রোজা পালন শুরু করেছিলেন। সেই অনুযায়ী গতকাল বৃহস্পতিবার ৩০ রোজা পূর্ণ করে আজ দরবার শরীফ মাঠে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে তাঁরা এই ঈদ আনন্দ উদ্যাপন করছেন।
আজ শুক্রবার সকাল ১০টায় দরবার শরীফ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমামতি করেন দরবারের বর্তমান সাজ্জাদানশিন হজরত ইমামুল আরেফীন ড. মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান। দরবার শরীফ সূত্র জানায়, অনুসারীরা হজরত শাহ জাহাঁগীর শেখুল আরেফীন (ক.), হজরত শাহ জাহাঁগীর ফখরুল আরেফীন (ক.), হজরত শাহ জাহাঁগীর শমসুল আরেফীন (ক.) এবং হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন (ক.)-এর পদাঙ্ক অনুসরণ করে হানাফি মাজহাব মতে বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে প্রায় দুই শ বছর ধরে ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং চন্দ্রমাসের সঙ্গে সম্পৃক্ত সব অনুশাসন পালন করে আসছেন।
সংশ্লিষ্ট সূত্রমতে, সাতকানিয়ার মির্জাখীল, এওচিয়ার গাটিয়াডেঙ্গা, আলীনগর, মাদার্শা, বাজালিয়া, চরতিসহ চন্দনাইশ, বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া এবং সীতাকুণ্ডের বিভিন্ন গ্রাম ছাড়াও ফেনী, রাঙামাটি, কুমিল্লা, ঢাকা, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, চাঁদপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চুয়াডাঙ্গা ও ভোলা জেলার বহুসংখ্যক অনুসারী এই ঈদ উদ্যাপনে অংশ নিচ্ছেন। এ ছাড়া পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার অনেক গ্রামে থাকা মির্জাখীল দরবার শরীফের অনুসারীরাও আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে ঈদ আনন্দ উদ্যাপন করছেন।
ঈদ উদ্যাপনের বিষয়ে মির্জাখীল দরবার শরীফের মোহাম্মদ মছউদুর রহমান জানান, হানাফি মাজহাবের অনুসারী হিসেবে নিকটবর্তী সময়ের কম ব্যবধান এবং পূর্বের দেশসমূহে চন্দ্র দর্শন বিবেচনায় রেখে তাঁরা এই সিদ্ধান্ত নিয়ে থাকেন। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ, দ্রাঘিমাংশ ও অক্ষাংশের হিসেবে চাঁদের অবস্থান এবং মক্কা ও মদিনা শরীফে তথা আরব বিশ্বের চাঁদ দেখার খবর বিভিন্ন দেশি-বিদেশি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জ্ঞাত হয়ে আজ শুক্রবার তাঁরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বলে মোহাম্মদ মছউদুর রহমান উল্লেখ করেন।