
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ বা ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে ঘোষণা দিয়ে প্রয়োজনীয় সংস্কারকাজ হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার (২০ মার্চ) বেলা ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউস–সংলগ্ন জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
পরিদর্শনকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘরসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে এত দিন যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। জিয়া স্মৃতি জাদুঘরকে আমাদের গুরুত্বপূর্ণ হেরিটেজ প্রপার্টি উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এটিকে সংরক্ষণ ও উন্নয়ন করা অত্যন্ত জরুরি।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, জাদুঘরের অবকাঠামোগত উন্নয়ন করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা পায়। এই জাদুঘর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির সঙ্গে সম্পৃক্ত এবং দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলে তিনি উল্লেখ করেন। কিন্তু দীর্ঘদিন অবহেলার কারণে স্বাধীনতার অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে বলেও আমির খসরু মাহমুদ চৌধুরী গভীর উদ্বেগ প্রকাশ করেন।
অমূল্য ঐতিহাসিক এই সম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি ও স্থাপনাগুলো রক্ষা করা আমাদের সবার দায়িত্ব, যাতে নতুন প্রজন্ম দেশের সঠিক ইতিহাস জানতে পারে।