সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মানুষ মালিকানা ফিরে পাওয়ায় ঈদে বাড়তি আনন্দ: আমির খসরু

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬ | ১:৪৩ অপরাহ্ন


এবারের পবিত্র ঈদুল ফিতরের সঙ্গে অতীতের ঈদের ভিন্নতা তুলে ধরেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে পরিবর্তিত ও গণতান্ত্রিক পরিবেশে এবারের ঈদের আনন্দটা একটু ভিন্ন। নির্বাচনের পর দেশের মানুষ নিজেদের মালিকানা বহুলাংশে ফিরে পেয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আজ শনিবার সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিন তিনি চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী পারিবারিক কবরস্থানে গিয়ে তাঁর মা-বাবার কবর জিয়ারত করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সকলের জন্যই ঈদের আনন্দ রয়েছে, তবে এবার সবাই মিলে একটু অতিরিক্ত আনন্দ উপভোগ করছেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, দেশটা যেন এভাবেই থাকে এবং সবাই যেন মুক্ত অবস্থায় থাকতে ও মুক্তভাবে কথা বলতে পারে। দেশের প্রতিটি নাগরিক যাতে তাঁর সব সাংবিধানিক, গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার ভোগ করতে পারেন, সেই আশা প্রকাশ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও মন্তব্য করেন, মানুষ মুক্ত পরিবেশে না থাকলে ঈদের আনন্দ সেভাবে উপভোগ করতে পারে না।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মানুষের মাঝে যে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ রয়েছে, তা যেন বাংলাদেশে অবিরতভাবে চলতে থাকে। জাতি-ধর্মনির্বিশেষে সকলের জন্য এই অবিরত ধারা বজায় থাকার প্রত্যাশা জানিয়ে তিনি দেশবাসীকে ‘ঈদ মোবারক’ জানান।