সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

দেশে ঈদ উদ্‌যাপন করতে পেরে তারেক রহমানের শুকরিয়া

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬ | ৫:৪২ অপরাহ্ন


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলমত–নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণ যে বাংলাদেশ দেখতে চায়, সেই প্রত্যাশিত দেশ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাবে। এই লক্ষ্য পূরণে দেশের সব শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দলমত–নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে।

আজ শনিবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে এগিয়ে যাবে। বহু বছর পর দেশের মাটিতে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। দেশের মানুষ ভবিষ্যতে আরও শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ঈদ উদ্‌যাপন করতে পারবে বলেও তারেক রহমান দৃঢ় আশা প্রকাশ করেন।

ঈদের এই আনন্দঘন মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক ও গণতান্ত্রিক আন্দোলনে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের প্রতিও বিনম্র শ্রদ্ধা জানান তারেক রহমান।

পরিশেষে দেশবাসীর অনাবিল সুখ, শান্তি ও সার্বিক সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।