
ঈদের আনন্দের মাঝেই চট্টগ্রামের পটিয়ায় নেমে এসেছে বিষাদের ছায়া। দুই দিনের ব্যবধানে ঈদের দিনেও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় ঝরেছে একটি তাজা প্রাণ।
আজ শনিবার (২১ মার্চ) বেলা ১২টার দিকে পটিয়া বাইপাস সড়কের আনোয়ারা রোড অংশের পাইকপাড়া এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে আবুল কাশেম (৩৫) নামের ওই পথচারী নিজেই নিহত হয়েছেন।
এই দুর্ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন এবং আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের আনোয়ারা রোডের পাইকপাড়া অংশে বেলা ১২টার দিকে আবুল কাশেম সড়ক পার হওয়ার সময় হঠাৎ মাঝপথে দাঁড়িয়ে পড়েন। তাঁকে বাঁচাতে গিয়ে দ্রুতগামী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (ডিভাইডারে) উঠে উল্টে যায়। এতে পথচারী আবুল কাশেম ঘটনাস্থলেই নিহত হন এবং বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।
এই ঘটনার জেরে পটিয়া বাইপাস সড়কের ওই অংশে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দুই ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দুর্ঘটনায় আহত যাত্রীরা হলেন—আবু হানিফ (৩৮), আবুল কাশেম (৬০), সিরাজুল হক (১৪), মহিসোনা (৭), প্রান্ত শীল (১৭), দহান (১৭), আদিত্য বিশ্বাস (১৩), মিনাক্ষী (৩৮), জান্নাতুল ফেরদৌস (৩৫), তাসপিয়া (৭), আবদুর রহিম (৯), মো. ইব্রাহিম (৫৫), প্রবীর শীল (৪২), শারমিন সুলতানা (২৫), সুলতানা রাজিয়া (৫১), আক্তার বেগম (৫৫), ওয়াজিদা (৯), সোবাইতা জান্নাত (৯) ও মো. ইউনুচ (৩৮)।
প্রথমে নিহত পথচারীর পরিচয় পাওয়া না গেলেও পরে স্থানীয়দের মাধ্যমে তাঁর নাম আবুল কাশেম (৩৫) বলে নিশ্চিত হওয়া যায়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অরূপ চৌধুরী জানান, আহত যাত্রীদের হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাঁদের মধ্যে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
চিকিৎসক ডা. অরূপ চৌধুরী আরও নিশ্চিত করেন যে, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত পথচারী আবুল কাশেমকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
ঘটনাস্থলের স্থানীয় দোকানদার মো. রুবেল ঘটনার বিবরণ দিয়ে জানান, পথচারী আবুল কাশেমকে বাঁচাতে গিয়েই বাসটি ডিভাইডারে উঠে উল্টে যায়। এতে বাসের অনেক যাত্রী আহত হন এবং পথচারীর মাথায় গুরুতর আঘাত লাগায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সার্বিক বিষয়ে পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজ জানান, পথচারীকে বাঁচাতে গিয়েই হানিফ পরিবহনের বাসটি উল্টে যায়। এতে অনেক যাত্রী আহত হয়েছেন এবং ওই পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এসআই মো. মোস্তাফিজ আরও জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে এবং যানজট নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৮ মার্চ বুধবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া জলুয়ার দিঘি এলাকায় বাসের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং ১৫ জন যাত্রী আহত হয়েছিলেন।