সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ঈদ করতে বাড়ি ফেরার পথে মিরসরাইয়ে দুর্ঘটনায় প্রাণহানি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৬ | ৮:১৯ অপরাহ্ন


পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করতে নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এনামুল হক আইয়ুব নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত এনামুল হক আইয়ুব কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাঘ গ্রাম এলাকার মৃত শামসুল হকের ছেলে।

আজ শনিবার (২১ মার্চ) ভোর ছয়টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ শনিবার ভোরে নিজের প্রাইভেট কার চালিয়ে ঈদ উদ্‌যাপন করতে চট্টগ্রাম শহর থেকে ঢাকামুখী লেন ধরে কুমিল্লার দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী এনামুল হক আইয়ুব। পথে মিরসরাই উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় পৌঁছালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটির সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এনামুল হক আইয়ুব নিহত হন। খবর পেয়ে মিরসরাই উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানান, নিহত এনামুল হক আইয়ুব তাঁর ব্যক্তিগত গাড়ি চালিয়ে চট্টগ্রাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে মিরসরাই উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দিলে দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় নিহত এনামুল হক আইয়ুবের লাশ উদ্ধার করা হয়েছে উল্লেখ করে ওসি জাকির রাব্বানী আরও জানান, এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।