
খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে দিনের আলোতে চাঞ্চল্যকর টাকা চুরির ঘটনা ঘটেছে। তবে ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সাঁড়াশি অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং উদ্ধার করেছে চুরি হওয়া সম্পূর্ণ ২ লাখ ১০ হাজার টাকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২০ মার্চ) দুপুর আনুমানিক ৩টা ১০ মিনিটে সোনাইপুল বাজারের হক মেডিকেল ফার্মেসির সামনে এ ঘটনা ঘটে। মো. নুরুন নবী (৩৫) নামের এক ব্যক্তি ফার্মেসির টেবিলের সামনে নগদ ২ লাখ ১০ হাজার টাকা রাখেন। এ সময় ওষুধ কেনার অজুহাতে আসা কয়েকজন ব্যক্তি কৌশলে ওই টাকা নিয়ে দ্রুত সটকে পড়েন।
ঘটনার পরপরই বিষয়টি টের পেয়ে বাজারের সিসিটিভি ফুটেজ যাচাই করেন ভুক্তভোগী মো. নুরুন নবী। ফুটেজে অভিযুক্তদের গতিবিধি স্পষ্ট ধরা পড়লে সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে রামগড় থানা-পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মো. ওমর ফারুক (২৮), আলী আকবর (২৭) এবং তাঁর স্ত্রী হাজেরাকে আটক করে। পরে পুলিশের নিবিড় জিজ্ঞাসাবাদে তাঁরা সংঘবদ্ধভাবে চুরির কথা স্বীকার করেন এবং আরও তিন-চারজন সহযোগীর এই ঘটনায় সম্পৃক্ততার তথ্য দেন।
পুলিশ জানায়, অভিযুক্তদের কাছ থেকে পর্যায়ক্রমে চুরি হওয়া পুরো টাকাই উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মো. ওমর ফারুকের কাছ থেকে ১ লাখ, আলী আকবরের কাছ থেকে ৬০ হাজার এবং আলী আকবরের স্ত্রী হাজেরার কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। রামগড় থানার উপপরিদর্শক (এসআই) আনছার উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত ২ লাখ ১০ হাজার টাকা জব্দ করেন এবং মো. ওমর ফারুক, আলী আকবর ও হাজেরাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় রামগড় থানায় আজ শনিবার (২১ মার্চ) দণ্ডবিধির ৩৭৯/৪১১/৩৪ ধারায় একটি মামলা (মামলা নং-০৪) রুজু করা হয়েছে। এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে রামগড় থানার এসআই আব্দুল আহাদের ওপর। এসআই আব্দুল আহাদ জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।