সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় ঈদের রাতে আগুনে পুড়ল মুদির দোকান, ৬ লাখ টাকার ক্ষতি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ২২ মার্চ ২০২৬ | ৮:৪৩ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়ায় ঈদের রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নুরুল হক সওদাগর নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর মুদির দোকান মালামালসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুদ্র ব্যবসায়ী নুরুল হক সওদাগরের কমপক্ষে ছয় লাখ টাকার আর্থিক ক্ষতিসাধন হয়েছে।

গতকাল শনিবার (২১ মার্চ) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কোচপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চকরিয়া পৌরসভার স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুজিবুল হক মুজিব অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক কাউন্সিলর মুজিবুল হক মুজিব জানান, ঈদের দিন সারা দিন বেচাকেনা শেষে রাতে দোকান বন্ধ করে নিজ বাড়িতে চলে যান ব্যবসায়ী নুরুল হক সওদাগর। এরই মধ্যে রাত আনুমানিক দুইটার দিকে দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এমন অবস্থায় মুহূর্তের মধ্যেই আগুন নুরুল হক সওদাগরের দোকানের ভেতরে ছড়িয়ে পড়ে। এতে দোকানের ভেতরে থাকা অন্তত ছয় লাখ টাকার মালামাল সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী নুরুল হক সওদাগর আক্ষেপ করে বলেন, ঈদ উপলক্ষে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এবং পরিচিতজনদের কাছ থেকে ধারদেনা করে দোকানে মালামাল মজুত করেছিলেন তিনি। ঈদের আগের দুই-তিন দিন এবং ঈদের দিনও তাঁর দোকানে বেশ ভালো বেচাকেনা হয়েছে। কিন্তু এরই মধ্যে শনিবার রাতের অগ্নিকাণ্ডে নুরুল হক সওদাগরের দোকানের পুরো মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঋণগ্রস্ত নুরুল হক সওদাগর জানান, এখন নতুন করে ব্যবসা চালু করার মতো তাঁর আর কোনো সামর্থ্য অবশিষ্ট নেই।

স্থানীয় জনপ্রতিনিধি মুজিবুল হক মুজিব আরও জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি ছিটিয়ে আগুন নেভাতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের কর্মীদের তাৎক্ষণিক পদক্ষেপে অগ্নিকাণ্ডের স্থানটির আশপাশের আরও বেশ কয়েকটি দোকান এবং বসতবাড়ি বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বলে মুজিবুল হক মুজিব উল্লেখ করেন।