সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ঋণ নিয়ে গড়া খামারে অ্যাসিড ছুড়ে ২০০ মুরগি হত্যার অভিযোগ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ মার্চ ২০২৬ | ৬:৫০ অপরাহ্ন


চট্টগ্রামের মিরসরাইয়ে অ্যাসিড ছুড়ে ২০০ মুরগি হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (২৩ মার্চ) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় পোলট্রি খামারি নুরুল আলমের খামারে এই নিষ্ঠুর ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. জাহাঙ্গীর হোসেন জানান, ২ হাজার মুরগির ওই খামারে খামারি নুরুল আলম প্রায় সাড়ে সাত লাখ টাকা বিনিয়োগ করেছেন। খামারি নুরুল আলমের সঙ্গে পার্শ্ববর্তী একজনের কয়েকবার বাগ্‌বিতণ্ডা হয়েছিল।

মো. জাহাঙ্গীর হোসেন ধারণা করছেন, ওই ব্যক্তিই হয়তো এমন অমানবিক কাজ করেছেন। মো. জাহাঙ্গীর হোসেন আরও মন্তব্য করেন, ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, কিন্তু এভাবে নিরীহ মুরগি মেরে ফেলা মোটেও ঠিক হয়নি।

ক্ষতিগ্রস্ত খামারের মালিক নুরুল আলম জানান, অনেক কষ্ট করে ঋণ নিয়ে তিনি খামারটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন। পরিবারের ছয় সদস্যের একমাত্র উপার্জনের জায়গা ছিল এই পোলট্রি খামার।

খামারি নুরুল আলম অভিযোগ করে বলেন, খামারের পাশে দেলোয়ার নামের একজন ভাড়ায় থাকতেন। ওই দেলোয়ারকে বাসা ছেড়ে দিতে বলা হলেও তিনি বাসা ছাড়েননি। এ নিয়ে দেলোয়ারের সঙ্গে নুরুল আলমের কয়েকবার ঝগড়াও হয়েছে, যা পরে স্থানীয়দের মাধ্যমে সমাধান হয়।

নুরুল আলম ধারণা করছেন, দেলোয়ারই ক্ষোভের বশবর্তী হয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটাতে পারেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, পোলট্রি খামারের মুরগি মেরে ফেলার একটি অভিযোগ তাঁরা পেয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি কাজী নাজমুল হক নিশ্চিত করেছেন।