
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি চালিয়ে ৩০০ কার্টন অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। শনিবার সকালে কাস্টমস গোয়েন্দা ও বিমানবন্দর কাস্টমস যৌথভাবে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করে।
কাস্টমস কর্মকর্তারা জানান, শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে ওমানের মাসকাট থেকে সালাম এয়ারের একটি ফ্লাইটে আসা আতিকুর রহমান নামের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এই ৩০০ কার্টন সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেটগুলো মন্ড ব্র্যান্ডের। ওই যাত্রী আতিকুর রহমানের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। এসব সিগারেট অবৈধভাবে নিয়ে আসার মাধ্যমে আতিকুর রহমান প্রায় ছয় লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করেন বলে কাস্টমস কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
ব্যাগেজ রুল অনুযায়ী, একজন যাত্রী বিদেশ থেকে আসার সময় বিনা শুল্কে মাত্র এক কার্টন সিগারেট সঙ্গে আনতে পারবেন এবং এর বেশি আনার কোনো সুযোগ নেই। অন্যদিকে, আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেট একটি শর্তযুক্ত আমদানি পণ্য। সিগারেট আমদানির ক্ষেত্রে প্যাকেটের গায়ে স্পষ্ট করে বাংলায় ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লেখা থাকা বাধ্যতামূলক, যা আতিকুর রহমানের আনা সিগারেটের প্যাকেটে ছিল না।
সার্বিক বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জব্দ করা সিগারেটের বিপরীতে নির্ধারিত রাজস্বের পরিমাণ প্রায় ছয় লাখ টাকা। রাজস্ব পুরোপুরি পরিশোধ না করা পর্যন্ত এসব সিগারেট চট্টগ্রাম কাস্টমসের হেফাজতেই থাকবে বলে প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল নিশ্চিত করেছেন। তবে অভিযুক্ত যাত্রী আতিকুর রহমানকে আপাতত মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।