সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রাম বাইশ মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ সরদার আর নেই

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৪ মার্চ ২০২৬ | ৬:২১ অপরাহ্ন


চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার এলাকার বিশিষ্ট সমাজসেবক ও চট্টগ্রাম নগর বাইশ মহল্লা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাকসুদ আহমেদ সরদার মারা গেছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৮ বছর বয়সে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। পরিবার ও চট্টগ্রাম নগর বাইশ মহল্লা কমিটি সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টায় নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে আলহাজ্ব মাকসুদ আহমেদ সরদারের জানাজা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ কর্মজীবনে চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি। তার মৃত্যুতে চট্টগ্রাম নগর বাইশ মহল্লা কমিটি, স্থানীয় সমাজসেবী সংগঠন, ফিরিঙ্গিবাজার এলাকাবাসী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

এক শোক বার্তায় স্থানীয় নেতৃবৃন্দ বলেন, মাকসুদ আহমেদ সরদার ছিলেন এক বিরল সমাজসেবক। তার অভাব সহজে পূরণ হওয়ার নয়। তারা এই সমাজসেবকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এদিকে, পরিবারের পক্ষ থেকে তার সব আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীকে রাতের জানাজায় অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।