সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হাটহাজারীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ মার্চ ২০২৬ | ৭:০৭ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকায় একটি পানের দোকানের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে কৃষি ফার্ম রোড এলাকা থেকে আনুমানিক ৪৩ থেকে ৪৪ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় বলে মঙ্গলবার নিশ্চিত করেছে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত গভীর রাতে ওই স্থানে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জমির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারকারী হাটহাজারী মডেল থানার এসআই জমির জানান, স্থানীয়রা জানিয়েছেন ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। এখনও লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত আছে।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসানও মরদেহ উদ্ধারের এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।