সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় ঈদের ছুটিতে সরকারি জমি দখলের চেষ্টা, জরিমানা ৫০ হাজার টাকা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ মার্চ ২০২৬ | ৭:১০ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় ঈদের ছুটির সুযোগ কাজে লাগিয়ে সরকারি খাসজমি দখলের চেষ্টায় বাধা দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে পটিয়া পৌর সদরের থানার মোড় এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং আল মদিনা হোটেল নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, ঈদের ছুটির ফাঁকে আল মদিনা হোটেল কর্তৃপক্ষ থানার মোড় এলাকায় সরকারি খাসজমি দখল করে রাতারাতি স্থাপনা নির্মাণের চেষ্টা করে। খবর পেয়ে পটিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে দ্রুত অভিযান চালানো হয়। পুলিশসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন।

এই অভিযানের নেতৃত্ব দেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। তিনি জানান, ঈদের ছুটির সুযোগ নিয়ে আল মদিনা হোটেলের মালিকপক্ষ লোকজন নিয়ে সরকারি খাস জায়গা দখলের উদ্দেশ্যে স্থাপনা নির্মাণ করছিল। খবর পেয়ে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে এবং দখলদারদের ৫০ হাজার টাকা জরিমানা করে।

রয়া ত্রিপুরা আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে সরকারি জমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।