সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাউজানে বৌদ্ধ ধর্মীয় যুব ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃত্তি প্রদান

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ মার্চ ২০২৬ | ৭:১২ অপরাহ্ন


চট্টগ্রামের রাউজানে বৌদ্ধ ধর্মীয় যুব ঐক্য পরিষদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ১২তম বৌদ্ধ ধর্মীয় বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার উপজেলার পশ্চিম আধার মানিক গুজরা রাম মোহন উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান উদযাপিত হয়।

বৃহত্তর আধার মানিক গুজরা গ্রামের প্রয়াত সংঘ-মণীষীদের স্মরণে এই অনুষ্ঠানে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও সদ্ধর্মসভার আয়োজন করা হয়। পাশাপাশি চতুর্থ অনলাইনভিত্তিক বন্দনা, গাথা, সূত্রপাঠ ও ধর্মীয় সংগীত প্রতিযোগিতার পুরস্কার এবং গুণীজন সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম আধার মানিক নিগ্রোধারাম বিহারের অধ্যক্ষ ও উপ-সংঘরাজ সদ্ধর্মবারিধি ভদন্ত প্রিয়দর্শী মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক ও শিক্ষাবিদ সদ্ধর্মজ্যোতি ভদন্ত সুনন্দ মহাথেরো।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যম আধার মানিক ক্ষেমানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনানন্দ মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশকের বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর জিনবোধি মহাস্থবির। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া, বুদ্ধ মহাধাতু চৈত্য সেবক পরিষদ বাংলাদেশের সভাপতি প্রকৌশলী নটু বড়ুয়া পলাশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী অসীম বড়ুয়া এবং স্টিলকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ উদ্যোক্তা ছৈয়দ মনছুর আলম।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ ডালিম বড়ুয়া। এছাড়াও আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সমাজকর্মী প্রদীপ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমরেশ বড়ুয়া চৌধুরী, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যাপক পলাশ মুৎসুদ্দী, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহিলা শাখার সিনিয়র সহ-সভাপতি চম্পা কলি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, পশ্চিম আধারমানিক গুজরা রামমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজন বড়ুয়া, প্রবীণ সমাজকর্মী আনন্দ মোহন বড়ুয়া, রীণাজ্যোতি সুকৃতি ফাউন্ডেশনের পরিচালক দুদুল বড়ুয়া, পাহাড়তলী কল্পতরু নিবাসের চেয়ারম্যান উষা কিরণ বড়ুয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সেবিকা রাণী বড়ুয়া এবং দুলাল-রেণু ফাউন্ডেশনের পরিচালক শিমুল বড়ুয়া। অনুষ্ঠানে সমাজকর্মী বাবুল বড়ুয়া চিনু পৃষ্ঠপোষক সম্মাননা গ্রহণ করেন।

স্থানীয়রা জানান, অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আয়োজনে প্রায় দেড় হাজার মানুষের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। এ সময় অতিথিরা সংগঠনের একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।