সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সাতকানিয়ায় যুবককে অপহরণের পর হত্যা: আসামি জহির গ্রেপ্তার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৪ মার্চ ২০২৬ | ৯:১১ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ায় মিজানুর রহমান নামের এক যুবককে অপহরণের পর পিটিয়ে হত্যার মামলায় মো. জহির নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক।

গ্রেপ্তার ৪৫ বছর বয়সী মো. জহির সোনাকানিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাতিয়ারকুল এলাকার মৃত মো. ইব্রাহিমের ছেলে।

পুলিশ ও মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২০ মার্চ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন মিজানুর রহমান। পথে তাকে অপহরণ করে একটি গাড়িতে তুলে নির্মমভাবে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহত মিজানুর রহমানের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে মো. জহিরকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি মঞ্জুরুল হক জানান, পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া এই আসামিকে বুধবার আদালতে পাঠানো হবে।