
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত রিকশাকে পেছন থেকে দ্রুতগতির একটি মাইক্রোবাস ধাক্কা দিলে রনজিত ধর (৫৫) ও বাবুল দে (৬৫) নামের দুই যাত্রী নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড় সংলগ্ন রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ; এতে আরও পাঁচজন আহত হয়েছেন।
নিহত রনজিত ধর ও বাবুল দের বাড়ি চট্টগ্রামের দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে।
স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার সকালে বিওসি মোড় সংলগ্ন রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে মহাসড়কের পাশে ব্যাটারিচালিত রিকশাটি যাত্রী ওঠানামা করাচ্ছিল। এ সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা যাত্রীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রনজিত ধর ও বাবুল দেকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর পাঁচ যাত্রীর চিকিৎসা চলছে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ জব্দ করেছে উল্লেখ করে ওসি মো. সালাউদ্দিন চৌধুরী আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।