
খাগড়াছড়ির মানিকছড়িতে তিনটহরী যুব স্পোর্টিং ক্লাব আয়োজিত ‘মরহুম আবদুল জব্বার মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে হাইসাব এন্টারপ্রাইজ। মঙ্গলবার বিকেলে উপজেলার রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে রাজপাড়া মৈত্রী যুব সংঘকে ট্রাইব্রেকারে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে এই গৌরব অর্জন করে দলটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত উৎসবমুখর ফাইনাল খেলায় হাইসাব এন্টারপ্রাইজ ও রাজপাড়া মৈত্রী যুব সংঘ মুখোমুখি হয়। খেলার নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। সেখানে হাইসাব এন্টারপ্রাইজ ৩-১ গোলে জয়লাভ করে।
খেলা শেষে কামাল উদ্দিন দিপ্তর সভাপতিত্বে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজি, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, মানিকছড়ি সেনা ক্যাম্প কমান্ডার মেজর আসিফ মহিউদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং সদস্য সচিব মীর হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ওয়াদুদ ভূঁইয়াসহ অন্যান্য অতিথিরা চ্যাম্পিয়ন হাইসাব এন্টারপ্রাইজ ও রানার্সআপ রাজপাড়া মৈত্রী যুব সংঘ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। সংবাদটি পাঠিয়েছেন খাগড়াছড়ি প্রতিবেদক আলমগীর হোসেন।