সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বাড়তি দামেই স্পট মার্কেট থেকে দুই কার্গো গ্যাস কিনছে সরকার

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৫ মার্চ ২০২৬ | ৫:৩৭ অপরাহ্ন


বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অস্থিরতার মধ্যেই স্পট মার্কেট থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রায় ১ হাজার ৬৬৬ কোটি টাকা ব্যয়ে এই গ্যাস কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে এসব এলএনজি কেনা হচ্ছে।

অনুমোদিত প্রস্তাবের বরাত দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান টোটাল এনার্জিসের কাছ থেকে এই দুই কার্গো এলএনজি কেনা হচ্ছে। আগামী এপ্রিল মাসে দুই আলাদা সময়ে এই গ্যাস দেশে পৌঁছাবে। এর মধ্যে দশম কার্গোটি ২৪ থেকে ২৫ এপ্রিল এবং ১১তম কার্গোটি ২৭ থেকে ২৮ এপ্রিলের মধ্যে সরবরাহ করা হবে। প্রতি ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম পড়ছে ১৯ দশমিক ৭৭ মার্কিন ডলার। সেই হিসাবে প্রতিটি কার্গোর জন্য ব্যয় ধরা হয়েছে ৮৩৩ কোটি ৩৯ লাখ ৫৬ হাজার টাকা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ শৃঙ্খলে চরম অস্থিরতা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে এলএনজির আন্তর্জাতিক বাজারেও। ফলে আগের তুলনায় কিছুটা বেশি দামেই স্পট মার্কেট থেকে গ্যাস কিনতে হচ্ছে বাংলাদেশকে।

এর আগে গত ১১ মার্চ ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে তিন কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছিল। ওই সময় এক কার্গোর মূল্য ২১ দশমিক ৫৮ মার্কিন ডলার এবং বাকি দুই কার্গোর মূল্য প্রতি এমএমবিটিইউ ২০ দশমিক ৭৬ মার্কিন ডলার নির্ধারিত হয়। তারও আগের সপ্তাহে আরও দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন পায়, যেখানে একটি কার্গো ২৮ দশমিক ২৮ ডলার এবং আরেকটি ২৩ দশমিক ০৮ ডলার দরে কেনা হয়েছিল।