সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৬ মার্চ ২০২৬ | ৪:০৭ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম (৩০)।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শরীফুল ইসলাম ও রাইসুল ইসলাম দুই বন্ধু মোটরসাইকেলে করে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে আরও কয়েকজন বন্ধু অন্য মোটরসাইকেলে করে কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছিলেন। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম থেকে আসা লাল-সবুজ পরিবহন সার্ভিসের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় পৌঁছে সামনে থাকা একটি মোটরসাইকেল ও ট্রাককে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়।

স্থানীয়রা জানান, বাসটির ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শরীফুল ইসলাম ও রাইসুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন জানান, ঘটনার পরপরই বাসটি ফেলে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, নিহত শরীফুল ইসলাম ও রাইসুল ইসলামের লাশ হাসপাতালে রাখা হয়েছে এবং ঘটনার বিষয়ে শহীদ ভূঁইয়া ও অলিউল ইসলামের পরিবারসহ স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনেরা এলে তাঁদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান ওসি আরিফুল আমিন।