
সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ ও কার্পজাতীয় মাছের প্রজননক্ষেত্র চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে মা মাছ ও অন্যান্য মাছ রক্ষায় অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। বুধবার রাত ৮টা থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত চালানো এই অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে প্রায় এক হাজার ২০০ মিটার দৈর্ঘ্যের দুটি অবৈধ চর ঘেরা জাল জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য কার্যালয় এই জাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছে।
মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, হোসাইন, সেকান্দার, তানভীর, আদিল ও আলমগীরের সহযোগিতায় নদীর রামদাসহাট থেকে নাঙ্গলমোড়া এলাকার বিভিন্ন অংশে এই অভিযান চালানো হয়। তবে মৎস্য অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা দ্রুত সটকে পড়ে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা।
হাটহাজারী উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী বৃহস্পতিবার সকালে এ প্রতিবেদককে জানান, নিয়মিত অভিযান পরিচালনার কারণে নদীতে এখন আগের চেয়ে জাল কম ধরা পড়ছে। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই এই পরিমাণ শূন্যের কোঠায় নেমে আসবে এবং হালদা নদী কার্পসহ সব মাছের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হবে।
মো. শওকত আলী আরও জানান, জেলেদের অবৈধ জাল পাতা থেকে বিরত রাখতে খুব শিগগিরই মৎস্য অধিদপ্তরের চলমান হালদা প্রকল্পের আওতায় ১৫০ থেকে ২০০ জন জেলেকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য উপকরণ সহায়তা দেওয়া হবে। হালদা নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এবং ধ্বংসাত্মক জাল দিয়ে অবৈধভাবে মা মাছ শিকার বন্ধে মৎস্য অধিদপ্তরের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।