
চট্টগ্রামের পটিয়ায় স্বাধীনতা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার ভোরে উপজেলার কেলিশহর এলাকায় অবস্থিত একটি শহীদ মিনারে ১০ থেকে ১২ জন নেতাকর্মী এই কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া পৌরসভা ছাত্রলীগ নেতা পার্থ দাসের নেতৃত্বে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোরশেদ তালুকদার এবং ছনহরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জালাল উদ্দিন আনান। এছাড়া সেখানে ছাত্রলীগ নেতা জাহেদ, জাবেদ ও ইবনাতসহ আরও কয়েকজন অংশ নেন।
এদিকে নিষিদ্ধ সংগঠনের এ ধরনের কর্মসূচি পালনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা।
নিষিদ্ধ ছাত্রলীগের এই কর্মসূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পটিয়া পৌরসভা ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজু বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়া অনেকেই ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন। তিনি খুনিদের সংগঠন হিসেবে আখ্যা দিয়ে এসব নেতাকর্মীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, তিনি ছাত্রলীগের কর্মসূচির বেশ কিছু ছবি দেখেছেন। তবে ঠিক কবে এই কর্মসূচি পালিত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জিয়াউল হক জানান।