
দেশজুড়ে যখন ঈদের উৎসবের আমেজ, তখন পরিবার-পরিজন রেখে কর্মস্থলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন একদল স্বাস্থ্যকর্মী। টানা ঈদের ছুটিতে চট্টগ্রামের রাউজান উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যকর্মীরা মানুষের সেবায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে গেছেন। এই সময়ে উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ১৩টি স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটির সময়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা চালু ছিল। এর মধ্যে ডেলিভারি সেবা, গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপ, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবাসহ অন্যান্য নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর-ই-জান্নাত জানান, ঈদের ছুটিতে নিরাপদ প্রসব ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাঁদের সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছিল। রাউজান উপজেলার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সব ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো চালু রাখা হয়, যাতে কোনো গর্ভবতী মা জরুরি সেবা থেকে বঞ্চিত না হন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর-ই-জান্নাত আরও জানান, একদল দক্ষ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে সার্বক্ষণিক সেবা প্রদান নিশ্চিত করা হচ্ছে। এছাড়া প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জামও পর্যাপ্ত মজুত রাখা হয়েছে। বিশেষ করে নিরাপদ প্রসব সেবার ওপর গুরুত্ব দেওয়ার কারণে ১৩ জন প্রসূতি মা কোনো প্রকার জটিলতা ছাড়াই এই সেবা পেয়েছেন।