
চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে অবৈধ বালুভর্তি দুটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার করেরহাট রেঞ্জের করেরহাট বিট কাম চেক স্টেশনের সামনের খিল এলাকার লক্ষ্মীছড়া খাল থেকে ট্রাক দুটি জব্দ করা হয়।
করেরহাট জোনের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. মাহদী হাসান জানান, বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলামের নির্দেশে খিল এলাকার লক্ষ্মীছড়া খালে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফেনী-ট-১১-০৬৭৯ এবং চট্ট মেট্রো-ট-১১-৯৩১২ নম্বরের বালুভর্তি ট্রাক দুটি জব্দ করা হয়েছে। বন ও বনজ সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মো. মাহদী হাসান নিশ্চিত করেন।
মো. মাহদী হাসান আরও জানান, অবৈধ বালু পরিবহনের এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই অভিযানে করেরহাট বিট কাম চেক স্টেশনের ডেপুটি রেঞ্জার ও স্টেশন কর্মকর্তা আলাল উদ্দিন, কয়লা বিট কর্মকর্তা মো. আসলাম হোসেন এবং ধুমঘাট বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ির ফরেস্টার মো. সোহেল রানাসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা অংশ নেন।