
কক্সবাজারের চকরিয়ায় ডিজিটাল গণতন্ত্র, তথ্যভিত্তিক সচেতনতা এবং শান্তিপূর্ণ সামাজিক পরিবর্তনকে এগিয়ে নিতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) কনটেন্ট ক্রিয়েশনের ওপর তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে চকরিয়া পৌরসভার চিরিঙ্গা পিস সেন্টারে ‘ফিল্মস ফর পিস ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং ‘ডিজিটাল ডেমোক্রেসি ইনিশিয়েটিভ’-এর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর রাগিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া আবাসিক মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজনীতিক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী, উদ্যোক্তা ও ব্যবসায়ী ইকবাল হোসেন, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজবাউল হক, ঢাকাস্থ চকরিয়া-পেকুয়া সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফখরুদ্দিন সিদ্দিকী, চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ জুবাইদুল হক এবং চকরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক সবুজ কান্তি ধর। এছাড়া অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ভিজ্যুয়াল মাসুদ জাকারিয়া সাবিন।
আয়োজকেরা জানান, গত ১৮ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চিরিঙ্গা পিস সেন্টারে তিন দিনব্যাপী এই নিবিড় কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারীরা ডিজিটাল গণতন্ত্র, ভুয়া তথ্য শনাক্তকরণ, নৈতিক কনটেন্ট তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলস ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের তৈরি কনটেন্টের মূল্যায়নের ভিত্তিতে সেরা পারফরমারকে পুরস্কার এবং সবার মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে চকরিয়া আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ জুবাইদুল হক বলেন, আগামী দিনের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে নতুন প্রযুক্তির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে এবং এআই কনটেন্ট ক্রিয়েশনে দক্ষ হওয়ার কোনো বিকল্প নেই। বর্তমান প্রেক্ষাপটে এআইকে শিক্ষাব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা সময়ের দাবি বলে মন্তব্য করেন চকরিয়া সরকারি কলেজের অধ্যাপক সবুজ কান্তি ধর।
অনুষ্ঠানে ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী কর্মশালার সার্বিক কার্যক্রম ও এর গুরুত্ব তুলে ধরেন। এ সময় অতিথি অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি চকরিয়ায় একটি এআই ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান, যেখানে তরুণেরা বিনামূল্যে প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
এই ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে হাতে-কলমে দক্ষ ও দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি গণমাধ্যমকর্মী, অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।