
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক এবং খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। শুক্রবার সকালে তাঁরা পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সর্বস্বান্ত হওয়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাঁদের সান্ত্বনা দেন।
পরিদর্শনকালে সেখানে আরও উপস্থিত ছিলেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন এবং খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২ মেজর কাজী মোস্তফা আরেফিন।
এ সময় খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করে দ্রুত সরকারি সহায়তা প্রদান করা হবে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক জানান, ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে নিরলসভাবে কাজ করছে বলে জানা গেছে। উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে বোয়ালখালী বাজারে সংঘটিত ভয়াবহ এই অগ্নিকাণ্ডে অন্তত ৩৭টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, যাতে আনুমানিক প্রায় ৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।