
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আলী সিকদারপাড়া এলাকায় অবৈধভাবে কৃষিজমি কাটার দায়ে অভিযান চালিয়ে দুটি এস্কেভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার দিবাগত গভীর রাতে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ঘটনাস্থল থেকে এস্কেভেটর দুটি জব্দ করা হয়। এ সময় অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকার কৃষিজমি কেটে মাটি বিক্রি করে আসছিল। চক্রটির এই অবৈধ কাজ এলাকার পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছিল। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে এই ব্যবস্থা গ্রহণ করে।
এ বিষয়ে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন জানান, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও মং এছেন হুঁশিয়ারি উচ্চারণ করেন।