
সাতকানিয়া উপজেলা ছাত্রদল নেতা আবদুল করিমকে অপহরণের পর মারধর ও জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন দলটির নেতাকর্মীরা।
শনিবার (২৮ মার্চ) বিকেলে সাতকানিয়া উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতকানিয়া থানার সামনে গিয়ে শেষ হয়।
মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ছাত্রদল নেতা আবদুল করিমকে অপহরণ করে নির্মমভাবে মারধর করা হয়েছে এবং জোরপূর্বক তাঁর কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তাঁরা দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন নেতারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা তসলিম উদ্দিন চৌধুরী, যুবদল নেতা মো. শফি, ইফতেখার রাজিব, এস এম জাহেদ, সোলেমান বাবুল, মো. শাহজাহান, স্বেচ্ছাসেবক দলের মিজান, ফৌজুল কবির রুবেল, মিনহাজসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তাঁরা।