সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হাটহাজারীতে অকটেন মজুত রেখে বিক্রি বন্ধ, ১০ হাজার টাকা অর্থদণ্ড

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৮ মার্চ ২০২৬ | ১১:২১ অপরাহ্ন


হাটহাজারীতে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার নাজিরহাট নতুন ব্রিজ সংলগ্ন ‘লতিফ অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশন’-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানকালে ওই ফিলিং স্টেশনে অকটেন বিক্রি বন্ধ দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। পরে চালান এবং ট্যাংক পরীক্ষা করে সেখানে অকটেনের মজুত পাওয়া যায়। মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরির চেষ্টায় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর সংশ্লিষ্ট ধারায় ওই ফিলিং স্টেশনকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মজুত শেষ না হওয়া পর্যন্ত তাৎক্ষণিকভাবে অকটেন বিক্রি পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে রাত ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান জানান, হাটহাজারীতে জ্বালানি তেলের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে এবং জনভোগান্তি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।